‘আহলান সাহলান মোবারোক হো মাহে রামাজান’। আজ পয়লা রমাজান। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে গণনা শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সে মেতাবেক আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাসেই নাজিল হয় পবিত্র কোরআন। পবিত্র ইসলাম ধর্মের বিধান অনুযায়ী গতকাল রাত থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের বিশেষ নামাজ ‘খতমে তারাবি’। ধর্মপ্রাণ মুসলমানরা গতকাল বাদ এশা তারাবির নামাজ পড়ে ও ভোররাতে সাহরি খেয়ে আজ রেখেছেন রোজা। রোজা হচ্ছে সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার পানাহার না করা। মাসব্যাপী সিয়াম, তারাবির সালাত, খতমে কোরআনসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে মুসলমানরা পবিত্র রমজান অতিবাহিত করবেন। পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি বেসরকারি অফিস ও ব্যাংকগুলোতে কার্যকর হয়েছে বিশেষ অফিস সময়সূচি। পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে রাজধানীতে র্যালি বের করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিফ ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।
এ পরিপ্রেক্ষিতে আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এদিকে মঙ্গলবার চাঁদ দেখে গতকাল বুধবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের রোজা।