দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তবে তাঁদের সঙ্গে অপর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ না থাকলেও তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে জানা গেছে। সেখানে প্রায় ১০ মিনিটের মধ্যে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ফিরে আসেন।
বিকালে সদ্য বিদায়ি চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, নতুন সরকারের প্রত্যাশা আছে, যে কারণে তাদের প্রত্যাশা পূরণ করতে সহযোগী হিসেবে আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার ১৪তম দিনে আমরা পদত্যাগ করলাম। এর বিশেষ কোনো কারণ নেই।
এ সময় তাঁর সঙ্গে পদত্যাগ করা দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ উপস্থিত ছিলেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ড. মোমেন বলেন, সরকার প্রত্যাশা পূরণের জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবে। এতে দুদক যেমন ভালো হবে, রাষ্ট্রেরও উপকার হবে বলে আমি বিশ্বাস করি। নতুন সরকারের সময় যে অংশটুকু কাজ করতে পেরেছি, সেজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। রাজনৈতিক প্রভাবে দুদক চলবে কি না এমন প্রশ্নে বিদায়ি চেয়ারম্যান বলেন, সরকারের নিজস্ব ইশতেহার ও প্রত্যাশা থাকে। সরকার সেই অনুযায়ী কাজ করবে, এতে আমি ব্যত্যয় কিছু দেখছি না। আমরাও অনুভব করছি যে এখন আমাদের চেয়ে অধিকতর যোগ্য লোকের কাজ করা প্রয়োজন।
এর আগে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, কোনো চাপের কারণে নয়; নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই পদত্যাগপত্র জমা দিয়েছি। কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছি।
২০২৪ সালের ১০ ডিসেম্বর সাবেক জ্যেষ্ঠ সচিব ড. আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান। এর আগে ড. মোমেন অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ওই একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। এর মধ্যে আলি আকবার আজিজী যোগদান করেন ওই বছর ১১ ডিসেম্বর। হাফিজ আহসান ফরিদ যোগদান করেন ১৫ ডিসেম্বর।
দুদক আইন অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান বা কমিশনাররা ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির উদ্দেশে লিখিত পদত্যাগপত্র জমা দিতে পারেন। সাধারণত এক মাস আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে এই চিঠি পাঠাতে হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তা কার্যকর হয়।