সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আসন্ন ঈদে মানুষ স্বস্তির ও নিরাপদ যাত্রা পেতে যাচ্ছে। যানজটমুক্তভাবে পরিবহন চলাচল এবং যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করতে যখন যে ব্যবস্থার প্রয়োজন হবে, তা নেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যবাহী যান ছাড়া ঈদের আগে ও পরে চার দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।’ ঈদে কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল করা হবে বলেও সতর্ক করেছেন মন্ত্রী। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ের প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী রবিউল আলম বলেন, ‘ঈদযাত্রার সঙ্গে যুক্ত যেসব প্রতিষ্ঠান ও সংস্থা আছে এবং শ্রমিক সংগঠন, বাস মালিক সংগঠন, লঞ্চ মালিক সংগঠনসহ পরিবহনের সঙ্গে যাঁরা যুক্ত আছেন, তাঁদের সঙ্গে আমাদের নিয়মিত মতবিনিময় হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বস্তির যাত্রা নিশ্চিত করতে যাঁর যাঁর অবস্থান থেকে যে দায়িত্ব আছে, তা পালন করতে সবাই সক্ষম হবেন এই প্রত্যাশা আমরা রাখছি।’
মন্ত্রী বলেন, ‘মনে রাখা দরকার, ছুটি শুরু হলে দুই থেকে তিন দিনের মধ্যে দেড় কোটির মতো মানুষ ঢাকা থেকে বাইরে যাবে। এটি একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবীর অন্য কোনো শহরে এভাবে সীমিত সময়ের মধ্যে এত মানুষ একসঙ্গে ডিপার্চার করে (ছেড়ে যায়) এমন তথ্য জানা নেই। তবে ঢাকাকে এ চ্যালেঞ্জ সব সময় মোকাবিলা করতে হয়েছে। গতবার মোটামুটি ভালোভাবেই তা সফল হয়েছে। এবার আরও ভালোভাবে করতে আমরা সক্ষম হব বলে মনে করছি এবং সেই প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করেছি।’ তিনি বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। অবৈধভাবে কেউ চাঁদা আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে অস্থায়ী দোকান, অবৈধ পার্কিং ও ব্যাটারিচালিত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।’
শেখ রবিউল আলম জানান, গার্মেন্ট কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি না হয়। এ ছাড়া প্রয়োজনে বিআরটিসির অতিরিক্ত বাস প্রস্তুত রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।