যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্র ছাড়া অন্যদের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।’ -এএফপি, আলজাজিরা
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৬ মার্চ দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্তটি অনুমোদন করেছে। এরপর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, সাম্প্রতিক দিনগুলোতে প্রতিবেশী দেশগুলোতে যে হামলা হয়েছে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি বলেন, কোনো দেশ থেকে সরাসরি হামলা না হলে ভবিষ্যতে প্রতিবেশী সেইসব রাষ্ট্রগুলোকে আর লক্ষ্যবস্তু করা হবে না। প্রসঙ্গত, যুদ্ধের শুরুতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কয়েকটি দেশ ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর মধ্যে ছিল সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমান। এসব দেশে বা তাদের সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকার কারণেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে তেহরান। এ ছাড়া ইরাক, জর্ডান, আজারবাইজান ও তুরস্কেও সংঘাতের প্রভাব পড়েছে।