জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের কুমিল্লা-১১ এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের সিরাজগঞ্জ-৪ আসনসহ পাঁচটি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা হয়েছে। পরে এসব আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
গতকাল বিচারপতি মো. জাকির হোসেনের একক হাই কোর্ট বেঞ্চে এ আদেশ দেন। অন্য আসন তিনটি হলো ময়মনসিংহ-২, চাঁদপুর-৪ ও চট্টগ্রাম-১৪। আবেদনে ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে। চার আবেদনকারী হলেন বিএনপির কুমিল্লা-১১ আসনের মো. কামরুল হুদা, ময়মনসিংহ-২ আসনের মোতাহের হোসেন তালুকদার, চাঁদপুর-৪ আসনের মো. হারুনুর রশিদ, সিরাজগঞ্জ-৪ আসনের এম আকবর আলী এবং এলডিপির চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ওমর ফারুক। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০-এর অধিক প্রার্থী হাই কোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাই কোর্টে নির্বাচনি বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।