মিয়ানমার থেকে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর অসহনীয় বোঝা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গতকাল লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে আয়োজিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। গতকাল লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো নতুন করে রোহিঙ্গা আসছে। তাদের জন্য মানবিক সহায়তা ক্রমান্বয়ে কমে আসায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবচ্ছিন্ন সম্পৃক্ততা বজায় রাখার অনুরোধ জানান। সম্মেলনে খলিলুর রহমান জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার মতো অস্তিত্ব সংকটের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টি তুলে ধরেন এবং এ সম্মেলনে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পেরে গর্ব প্রকাশ করেন। বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠানো এবং নির্বাচনের সফল সমাপ্তির প্রশংসা করে প্রতিবেদন দেওয়ায় তিনি কমনওয়েলথ সচিবালয়কে ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের লক্ষ্য ও আলোচ্যসূচি এ সম্মেলনে নির্ধারণ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত নিয়ম ও রীতিনীতি লঙ্ঘনের ফলে বিশ্ব বর্তমানে যে কঠিন সময় পার করছে, তা নিয়ে আলোচনা হয়।