পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, মিডিয়ার প্রেশারের কারণেই অতীতে ‘জজ মিয়া নাটক’ তৈরি হয়েছিল। সে কারণে আমরা কোনো প্রেশার আশা করি না। গতকাল পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইজিপি বলেন, ‘মিডিয়া প্রেশারের কারণে এখন যেন এমন কিছু তৈরি না হয়। আপনারা আমাদের রেসপন্স টাইম দেবেন।’ তিনি সাংবাদিকদের প্রতি পুলিশের ওপর মানসিক চাপ তৈরি হয় এমন পরিস্থিতি (মিডিয়া প্রেশার) তৈরি না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘যখন কোনো ঘটনা ঘটে, আপনারা এমনভাবে প্রশ্ন করেন যে ঘটনা ঘটেছে এখনই বিচার করতে হবে, উদ্?ঘাটন করতে হবে। মনে রাখতে হবে এমনও হত্যার ঘটনা রয়েছে, সেটা উদ্?ঘাটন করতে ২০ থেকে ২৫ বছর সময় লেগে যায়। সংবাদ সম্মেলনে আইজিপি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আইজিপি আরও জানান, ‘জুলাই বিপ্লব’কে কেন্দ্র করে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সেদিকেও নজর রাখছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশের পোশাক পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন আইজিপি। তিনি বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুলিশ।