ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের ১১তম দিনে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে তিনি এ ইঙ্গিত দেন। এর জেরে বিশ্ববাজারে ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম ৯ শতাংশ কমেছে। তবে যুদ্ধ বন্ধের ইঙ্গিত প্রত্যাখ্যান করে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। এদিকে ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর তা দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এজন্য অঞ্চলটিতে অতিরিক্ত প্রতিরক্ষাসামগ্রী পাঠাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। জবাবে প্রণালিতে মার্কিন বাহিনীকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া গতকালও ইরানজুড়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের তেল আবিব, হাইফাসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। কেননা এ যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে। গতকাল ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন। এর আগে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্প বলেন, পুতিন মধ্যপ্রাচ্যের এ সংঘাত নিরসনে সহায়তা করতে ইচ্ছুক।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানজুড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। আমরা তাদের ড্রোন তৈরির প্রতিটি আস্তানা সম্পর্কে জানি এবং সেগুলো একটার পর একটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ১০ শতাংশ বা তারও নিচে নেমে এসেছে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ‘আজ হবে ইরানে সবচেয়ে তীব্র হামলার দিন।’ ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ সেখানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমানে হামলা চালানো হবে।’ যুদ্ধ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কমসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এদিকে পাল্টা জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ৩৩তম ধাপের মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বাহিনীটি জানায়, এখন থেকে তারা ১ হাজার কেজির নিচে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। এ ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছে। তারা অঞ্চলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও ভারী ক্ষেপণাস্ত্র হামলার কথা বলছে। গতকাল ইসরায়েলের তেল আবিব, হাইফা, জেরুজালেমে বিভিন্ন সামরিক, সরকারি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
বাহরাইনের মানামায় একটি আবাসিক ভবনে হামলায় একজন নিহত হয়েছেন। কাতারের রাজধানী দোহায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এম্পটি কোয়ার্টার মরুভূমি এলাকায় শায়বাহ তেল ক্ষেত্রের দিকে ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা গতকাল নয়টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫টি ড্রোন শনাক্ত করে। এর মধ্যে আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যটি সাগরে পড়েছে। আর ৩৫টি ড্রোনের মধ্যে ২৬টি প্রতিহত করেছে। এ ছাড়া ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনস্যুলেট জেনারেল একটি ড্রোন হামলার শিকার হয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ছয়টি ড্রোন সফলভাবে আটক ও ধ্বংস করেছে।
হরমুজ প্রণালি দখলের লড়াই : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সিবিএস নিউজকে তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি নিজেদের দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে বর্তমান প্রশাসন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি দখলে নেওয়ার কথা ভাবছে এবং সেখানে তারা অনেক কিছুই করতে পারে।
ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান যদি হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর এ যাবৎকালের চেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালানো হবে। আমরা এমন কিছু সহজ ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানব, যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে। তবে আমি আশা ও প্রার্থনা করি যেন এমনটা না ঘটে!’
ট্রাম্পের হুমকির জবাবে ইরানের আইআরজিসি জানিয়েছে, ‘হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ১ লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ব্যর্থ হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকরের চেষ্টা করছে। কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই। আর এ কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচার হামলা চালাচ্ছে। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে।
মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। এর মধ্যেই ইরানের নতুন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় সোমবার রাতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অপারেশন সেন্টার পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসনব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার নিপীড়ন থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত এটি তাদের (ইরানি জনগণ) ওপরই নির্ভর করছে। যদিও এতে কোনো সন্দেহ নেই যে এখন পর্যন্ত আমাদের গৃহীত পদক্ষেপে আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনো সক্রিয়।’
ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ট্রাম্প-পুতিন প্রথম ফোনালাপ : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে অনুষ্ঠিত এ ফোনালাপে ইরান যুদ্ধ দ্রুত অবসানে পুতিন তাঁর নিজের প্রস্তাবগুলো তুলে ধরেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, ‘আলোচনাটি ছিল পেশাদার, খোলামেলা ও গঠনমূলক; যা সাধারণত রুশ ও মার্কিন নেতাদের সংলাপে দেখা যায়। ইরান সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট বেশ কিছু বিবেচ্য বিষয় তুলে ধরেছেন।’
ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান : মানবিক সহায়তা হিসেবে ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান। আজারবাইজান বলছে, তারা ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে। পাশাপাশি এটা একটি শান্তির বার্তাও। আজারবাইজানের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, গত রবিবার আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোন আলাপের পর ইরানে খাবার ও ওষুধ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
ইরান থেকে আজারবাইজান লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের কয়েক দিন পরই আজারবাইজানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো। যদিও ইরান বলেছে, তারা আজারবাইজানকে লক্ষ্য করে হামলা চালায়নি।
ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ, বললেন জেলেনস্কি : ইরান ও রাশিয়ার তৈরি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্রসহ অন্তত ১১ দেশ। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা ও এ-সংক্রান্ত প্রশিক্ষণের জন্য ১১ দেশের কাছ থেকে অনুরোধ পেয়েছে কিয়েভ।
শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি জানান, ‘শাহেদ’ ড্রোন এবং এ ধরনের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় ইউক্রেনের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতার জন্য বিভিন্ন দেশের করা অনুরোধগুলো তাঁরা বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। যাঁরা আমাদের জনগণের জীবন এবং ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় সাহায্য করে, তাঁদের অনুরোধে ইতিবাচক সাড়া দিতে ইউক্রেন প্রস্তুত। কিছু অনুরোধের বিষয়ে ইতোমধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সহায়তা দেওয়া শুরু হয়েছে।