গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত হবে। সে ক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও হবে নির্দিষ্ট কাঠামো মেনে।’ তিনি বলেন, ‘আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি। সংবিধান মেনেই সামনে এগিয়ে যাব।’
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে দল মনে করে তাদের নির্বাচনে চক্রান্ত করে হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। যারা সমালোচনা করেছেন, তারা নির্বাচনের পর স্বাক্ষর করেছেন।’ তিনি আরও বলেন, ‘আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু ঐকমত্য হয়েছে, ততটুকু বাস্তবায়ন করা হবে। সবার আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধন হবে।’