ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে গতকাল ইরাকের আকাশে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়েছে। এতে চার মার্কিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুজন নাবিক আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, এ আগুনের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। এদিকে সংঘাতের ১৪তম দিন গতকালও ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোর ওপর হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় দুজন নিহত হয়েছে। তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক ও প্রশাসনিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইরানে ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছে। গতকাল ভোরে ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, তারা ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী সামরিক প্লেন ভূপাতিত করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীগুলো জানায়, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী প্লেন লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে সেটি বিধ্বস্ত হয়।
ইরানে হামলা চালাতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসা বিশ্বের সবচেয়ে বড় রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাে র ঘটনা ঘটেছে। এতে দুজন নাবিক আহত হয়েছেন। সেন্টকম জানিয়েছে, এ আগুনের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। জেরাল্ড ফোর্ডের কাপড় ইস্ত্রি করার অংশে আগুনের সূত্রপাত হয়। এ আগুনে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এটির চলাচলের সক্ষমতাও অক্ষুণ্ন আছে। আর যে দুজন নাবিক আহত হয়েছেন তাদের অবস্থাও স্থিতিশীল। এ ছাড়া বিমানবাহী রণতরিটি সম্পূর্ণ অপারেশনাল আছে বলে জানিয়েছে সেন্টকম।
যুদ্ধের ১৪তম দিনে ইসরায়েলজুড়ে ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ইসরায়েলের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ ছাড়াও ইসরায়েলের বিরশেবায় সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। ইসরায়েল ছাড়াও সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এসব হামলায় ওমানে দুজন নিহত হয়েছেন। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকাল থেকে তাদের আকাশসীমায় প্রবেশ করা ৫৬টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন রাজধানী রিয়াদের কঠোর নিরাপত্তাসম্পন্ন কূটনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল। এর আগে গত বৃহস্পতিবার ৫৩টি ড্রোন ও ৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ড্রোনগুলো কে বা কারা উৎক্ষেপণ করেছে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ওমানের সোহারের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। সোহারের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতকাল সকালে বিকট শব্দে বেশ কিছু বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এসব বিস্ফোরণে শহরের ভবনগুলো কেঁপে ওঠে। বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের অন্যতম এ প্রধান অর্থনৈতিক কেন্দ্রের মধ্যাঞ্চলীয় এলাকার আকাশে বিশাল ধোঁয়ার মেঘ জমতে দেখা গেছে। অন্যদিকে মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় গতকাল সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের পূর্ব দিকের দুটি এলাকায় বিমান হামলা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা তাদের ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ হাজার ৫৫১ জন। এ ছাড়াও লেবাননে হিজবুল্লাহ সদস্যদের নিশানা করে বিমান হামলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল রাজধানী বৈরুতে হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ হামলা সফল হয়েছে কি না কিংবা শহরের ঠিক কোন এলাকায় এটি চালানো হয়েছে, সেসব বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে, বললেন ট্রাম্প : ইরানে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে।
এর আগে বুধবার কেন্টাকির হেবরনে ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা জিতেছি। কিন্তু কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।
রাতে ইরানে সর্বোচ্চ হামলা হবে, বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, ইরানে আজ (গতকাল) রাতে সর্বোচ্চসংখ্যক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চসংখ্যক হামলার দিন হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। হেগসেথ বলেন, আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।
ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি পার হলো তুরস্কের জাহাজ : ইরানের অনুমতি পাওয়ার পর হরমুজ প্রণালি পার হয়েছে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ। গতকাল তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালুগ্লু এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এ জাহাজসহ ১৫টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। এ জাহাজগুলোর বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে আঙ্কারা। উরালুগ্লু বলেন, সেখানে (হরমুজ প্রণালিতে) তুরস্কের মালিকানাধীন ১৫টি জাহাজ ছিল। আমরা একটি জাহাজের জন্য ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছি। জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে গেছে।