১১-দলীয় ঐক্যের সমন্বয়ক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই (আজ) হবে সরকারের শেষ অধিবেশন।’ গতকাল রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা।’ তিনি আরও বলেন, ‘জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়নের দাবি আমাদের ১১-দলীয় ঐক্যের। ইতিহাসের সেরা নির্বাচনে জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নির্বাচনের পর উপদেষ্টারাই হাটে হাঁড়ি ভেঙেছেন।’ সংসদে ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করে নাই, বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে দিয়ে সংসদ কলুষিত করেছে।’