রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে শেখ বোরহান উদ্দিন কলেজের এক শিক্ষার্থীকে। তার নাম মো. রাকিব (২৭)। তিনি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন। বাসা নিমতলির নবাব কাটারা এলাকায়। লেখাপড়ার পাশাপাশি তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন বলে জানা গেছে। গতকাল রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বিকালে ঢাকার আশুলিয়া থানাধীন ইসলামনগর এলাকার এক বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। ছাত্রীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ (৫১ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত শারমিন জাহানের স্বামী ফাহিম হাসান বিকাল ৩টার দিকে বাইরে থেকে এসে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়িওয়ালাকে জানান। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা শারমিনকে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে বেলা ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রাথমিকভাবে বলা যাচ্ছে এটি একটি হত্যাকাণ্ড ছিল। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গুরুতর আহত রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া জিএম ইশান বলেন, রাতে তারা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখেন ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিবের বন্ধু মো. রনি জানান, এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় গুলি ও শরীরের একাধিক জায়গায় কোপানোর আঘাত রয়েছে। ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মাজহারুল ইসলাম জানান, শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কেন গুলির ঘটনা ঘটানো হলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।