দিন কয়েক পরেই ঈদুল ফিতর। সারা দেশে উৎসবের আমেজ। প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটাতে গ্রামের বাড়ি যাচ্ছে লাখো মানুষ। উৎসবের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিলেন টাইগার ক্রিকেটাররা। গতকাল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অলিখিত ফাইনালে ১১ রানের জয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে একটি করে জয় ছিল দুই দলের। গতকাল প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। জবাবে ৫০ ওভার খেলে ২৭৯ রানে অলআউট হয় পাকিস্তান।
আগের ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ ছিল মিরাজবাহিনী। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ ব্যাটিং করলেন টাইগাররা। তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। ১০৭ বলে ১০৭ রানের ইনিংস খেলার পথে ৬টি চারের পাশাপাশি ৭টি ছক্কা হাঁকান তিনি। তানজিদ ছাড়াও ব্যাট হাতে মিরপুরে ভালো খেলেছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। হৃদয় ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। লিটন ১টি চার ও ১টি ছক্কার মারে ৫১ বলে করেন ৪১ রান। এ ছাড়াও সাইফ হাসান ৩৬ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৫২ রানে ৩টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন পাকিস্তানি ব্যাটাররা। প্রথম ওভারেই ওপেনার সাহিবজাদা ফারহানকে (৬ রান) শিকার করেন তাসকিন। পরের ওভারে আরেক ওপেনার সাদাকাতকে (৬ রান) শিকার করেন নাহিদ রানা। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে মোহাম্মদ রিজওয়ানকে (৪ রান) বোল্ড করেন তাসকিন। পাকিস্তানের রান তখন ৩ উইকেটে ১৭। এরপর গাজী ঘোরি ও আবদুল সামাদ উইকেটে টিকে থাকার চেষ্টা করেন। তবে তারাও দ্রুত উইকেট ছাড়েন। গাজী ২৯ রান করে বোল্ড হন নাহিদের বলে। আবদুল সামাদ ৩৪ রান করে মুস্তাফিজের বলে লিটনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। সালমান আলী ও সাদ মাসুদই পাকিস্তানকে কিছুটা আশার আলো দেখান। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ৭৯ রান করেন। সাদ ৩৮ রান করে মুস্তাফিজের বলে বোল্ড হন। এরপর ফাহিম আশরাফও (৯ রান) উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। তাসকিন বোল্ড করেন তাকে। শাহিন আফ্রিদিকে নিয়ে অষ্টম উইকেটে ৫২ রানের জুটি গড়ে বাংলাদেশের সমর্থকদের শঙ্কা বাড়িয়ে দিয়েছিলেন।
সালমান ৯৮ বলে ১০৬ রান করে তাসকিনের বলে শান্তকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শাহিন আফ্রিদি ৩৭ রান করেও দলের পরাজয় রুখতে পারেননি। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান। পাশাপাশি নাহিদ রানার সঙ্গে যৌথভাবে জয় করেছেন সিরিজসেরার ট্রফিও।