দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪৫ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শনাক্তকৃত রোগী ১৬৮ ও উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগী ১ হাজার ১৭৭। একই সময়ে উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। দুজন ঢাকার, দুজন খুলনা বিভাগের।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশে হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দিয়েছে। এ সময়ে চিকিৎসা নেওয়া রোগীর মধ্যে ৬৫৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে হামের প্রাদুর্ভাব চলতি বছরের শুরুতে হলেও স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে তথ্য সংগ্রহ করছে। গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৩ হাজার ৪৯৭ শিশু। এর মধ্যে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৮ হাজার ৯১০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৬০৯ শিশু। মারা গেছে ১৩৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গতকাল পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৪০৯ শিশুর হাম নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩ শিশুর।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, উগসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর মধ্যে ৫ হাজার ৬৩৩ ঢাকা, ২ হাজার ৪৭৮ রাজশাহী, ১ হাজার ৯০৫ চট্টগ্রাম, ১ হাজার ১১৬ খুলনা, ৮৭০ বরিশাল, ৬২৪ সিলেট, ৫২৮ রংপুর ও ৩৪৩ শিশু ময়মনসিংহ বিভাগের। উপসর্গ নিয়ে মৃত ১৪৪ শিশুর মধ্যে রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৬২, এরপর ঢাকা বিভাগে ৫৯, চট্টগ্রামে ১০, খুলনায় ৯, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে মারা গেছে। এ ছাড়া নিশ্চিত হামে ২৩ মৃতের মধ্যে ঢাকায় ১০, বরিশালে ৫, চট্টগ্রাম ও রাজশাহীতে ৩ জন করে। তা ছাড়া ময়মনসিংহ বিভাগে ২ শিশু হামে মারা গেছে।