অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ। জুলাই গণ অভ্যুত্থান দেশের রাজনীতিতে ফ্যাসিবাদবিরোধী এক নতুন চেতনার জন্ম দিয়েছে। জনগণ তখন একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা করেছিল, আর বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সরকার জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্তদের সুরক্ষায় নীতিমালাও প্রণয়ন করেছে। গতকাল সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই রায় দিয়েছেন। কোনো পক্ষ রায়ে অসন্তুষ্ট হলে আইনগতভাবে আপিল করার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার বা আসামিপক্ষ উভয়েই ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। একই সঙ্গে তিনি পরামর্শ দেন, বিচারসংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া না জানিয়ে আদালতের মাধ্যমেই ন্যায়বিচার চাওয়া উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, জেলা বিএনপি নেতা আবুবকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান প্রমুখ।