কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার চরে নিউজিল্যান্ডের এক পর্যটক পরিবারের ওপর অতর্কিত হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই পর্যটকদের পাশাপাশি লুণ্ঠিত মালামালও উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার রাতে এক বার্তায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে সোনাদিয়ার চরে অবস্থানকালে একদল দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা চালায়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনি তাঁর পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা একটি কাঠের ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ নেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্টগার্ড নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে তাঁদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহ করে। এ ছাড়া ১ মার্চ তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, গত ১৬ জানুয়ারি তাঁদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কর্তৃপক্ষের এসব নির্দেশনা উপেক্ষা করেই তাঁরা সোনাদিয়ার চরে ট্রলারসহ অবস্থান করছিলেন। বুধবার রাতে অতর্কিত হামলার বিষয়টি অবহিত হওয়ার পরপরই কোস্টগার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। অভিযানে জন এডওয়ার্ড পুডনিসহ তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থলসংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। হামলায় জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাঁদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে।