দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
নীলফামারী প্রতিনিধি জানান, শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিমান থেকে নামার পর স্বাভাবিক কার্যক্রমের মধ্যেই কিছু সময়ের মধ্যে হঠাৎ মাথা ঘোরা ও তীব্র শারীরিক অস্বস্তি অনুভব করেন। যা নিয়ে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা দ্রুত চিকিৎসা দিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন; কিছু সময় আইসিইউতেও রাখা হয়।
মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।