সংসদে বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের এনার্জি সেক্টরে এখন হাহাকার চলছে। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে সরকারি দলের মন্ত্রী-সংসদ সদস্যরা কথা বললে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে। শুধু কিছু অসৎ চোরচোট্টার কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।’ গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব : উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে অংশ নেন সংসদে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -বাংলাদেশ প্রতিদিন
জামায়াত আমির আরও বলেন, ‘দেশে বড় যত সিন্ডিকেট তৈরি হয়, তার সবগুলোর পেছনে সরকারি দলের হাত থাকে। অতীতের মতো বর্তমানেও এটি সত্য।’ এ সময় তিনি জ্বালানিসংকট মোকাবিলায় বাফার স্টক তৈরির জন্য সরকারকে পরামর্শ দিয়ে বলেন, ‘সরকারকে ডিমান্ড ম্যানেজমেন্টে স্বচ্ছ হতে হবে। জ্বালানিসংকট মোকাবিলায় অগ্রাধিকার ভিত্তিতে কমপক্ষে ৬০ থেকে ৯০ দিনের বাফার স্টক (মজুত) গড়ে তুলতে হবে। এ ছাড়া সিন্ডিকেট ভেঙে দিয়ে সোলার এনার্জি বা অল্টারনেট জেনারেশনের দিকে নজর দিতে হবে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি একই সিন্ডিকেট, ফ্যাসিজম আর গায়ের জোরের পথে হাঁটা হয়, তবে আমরা আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সে পথে বাধা হয়ে দাঁড়াব।’
রাজার ছেলে রাজা হবে, আমরা এ নীতিতে বিশ্বাস করি না : এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘শুধু রাজার ছেলে রাজা হবে, আমরা এ নীতিতে বিশ্বাস করি না। শ্রমিকদের সন্তানদের প্রধানমন্ত্রী হতে কোনো নিষেধাজ্ঞা নেই। সেজন্য আমরা চাই শ্রমিকদের ঘর থেকেও তাদের সন্তানরা প্রধানমন্ত্রী হয়ে আসুক। সেভাবেই তাদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এ দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।’
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের বিদায়ি সভাপতি আ ন ম শামসুল ইসলাম। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন সভাপতি আতিকুর, সাধারণ সম্পাদক লস্কর : পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. আতিকুর রহমান আর সাধারণ সম্পাদক মনোনীত হন লস্কর মোহাম্মদ তসলিম।
সরকার জনগণের অঙ্গীকার ভঙ্গ করেছে : আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনি সহিংসতায় আহতদের দেখতে গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে। গত ৯ এপ্রিল জাতীয় সংসদের শেরপুর ও বগুড়ায় অনুষ্ঠিত নির্বাচনে আমরা সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করেছিলাম। কিন্তু ওই দুই এলাকাতেই ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহ সন্ত্রাসে রূপ নিয়েছে, যার অন্যতম উদাহরণ শেরপুর-৩ আসনের ঘটনা।
গতকাল বিকালে জামায়াত আমির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচনি সহিংসতায় আহতদেও খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সংসদের ভিতরে-বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে।