তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আধুনিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জহির উদ্দিন স্বপন বলেন, আমরা এখন ইন্টারনেটের যুগে বাস করছি, যেখানে কমিউনিকেশন সায়েন্সের সর্বোত্তম বিকাশ ঘটেছে। আধুনিক করপোরেট ব্যবস্থা এখন প্রায় পুরোপুরি প্রযুক্তিনির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্সের মতো প্রযুক্তির অগ্রগতির ফলে হিসাববিজ্ঞান পেশায় এক বৈপ্লবিক রূপান্তর ঘটছে। এ চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে আলিঙ্গন করেই আপনাদের এগিয়ে যেতে হবে। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা কেবল হিসাবরক্ষক নন, বরং তারা যেকোনো প্রতিষ্ঠানের জন্য একজন কৌশলগত উপদেষ্টা (স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর)।
তিনি বলেন, শুধু ইনস্টিটিউট থেকে পাওয়া একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে মেধার পূর্ণতা আসবে না, প্রযুক্তির সংমিশ্রণে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, সে বিষয়ে আপনাদের সার্বক্ষণিক সচেতন ও সজাগ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। পেশাগত সততার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অ্যাকাউন্টিং পেশার মূল ভিত্তি হলো মানুষের আস্থা। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুশাসন জোরদারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সিএদের ভূমিকা অপরিসীম।