ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে ১৬ বছর বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও ক্ষমতায় আসার পর দলটি গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করা ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না। গণ আন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।’ নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭-এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এ দেশে যত গণ অভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।’
তিনি বলেন, ‘নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। কিন্তু এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এ সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।’