ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে ৩ শতাধিক নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে। এদিকে এ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদের (এমপি) স্বাক্ষরের তালিকা সংসদ সচিবালয়কে দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা-অযোগ্য যাচাইয়ের সুবিধার্থে সাজাপ্রাপ্তদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। অন্যদিকে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের কাছে বিল খেলাপিদের তথ্য চেয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের (এমপি) স্বাক্ষরের তালিকা সংসদ সচিবালয়ের কাছে চাওয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। দাখিলকৃত মনোনয়নপত্র নির্বাচন কমিশন সচিবালয়ে ২২-২৩ এপ্রিল বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইকালে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্যদের স্বাক্ষর/অনুস্বাক্ষর যাচাই করার প্রয়োজন হবে। এ কারণে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সদস্যদের স্বাক্ষর সংবলিত তালিকাসহ জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকা প্রয়োজন।
এ অবস্থায় মনোনয়নপত্র বাছাইয়ের দিন অর্থাৎ ২২-২৩ এপ্রিল সংসদ সদস্যদের স্বাক্ষর সংবলিত তালিকাসহ একজন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে অনুরোধ করা হয়েছে চিঠিতে। বিল খেলাপিদের তথ্য দিতে ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এরই মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি লিমিটেড (সাবেক ডেসা)/ডেসকো ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, বিটিসিএল, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড, জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডকে চিঠি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২২-২৩ এপ্রিল বাছাই করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের (ঢ) দফা অনুসারে কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন- যদি তিনি মনোনয়নপত্র দাখিলের দিনের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবাদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হন।
সাজাপ্রাপ্তদের তথ্য দিতে বলল ইসি : সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের অযোগ্য ঘোষণার সুবিধার্থে সাজাপ্রাপ্তদের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরবরাহ করতে বলল নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। দাখিলকৃত মনোনয়নপত্র নির্বাচন কমিশন সচিবালয়ে ২২-২৩ এপ্রিল বাছাই করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তি লাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকলে সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন।