ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে পাঠানো অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। চলমান বিচার প্রক্রিয়া ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এ আবেদনটি বর্তমানে যাচাইবাছাই করা হচ্ছে। এ ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকাটা অব্যাহত রাখব। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারত সফর করেছেন এবং ওই সফরকালে তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সারসংক্ষেপ আমরা এরই মধ্যেই প্রকাশ করেছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।
সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারত্বকে আরও গভীর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষই সম্মত হয়েছে। শিগগিরই এ বিষয়ে পরবর্তী সরকারি বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।