জ্বালানি তেল সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের যদি উৎপাদন করার ক্ষমতা থাকত, তাহলে হরমুজ প্রণালি সংকট নিয়ে আমাদের দেশ ও জাতিকে ভুগতে হতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন ও গণবিরোধী হয় তার সুদূরপ্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার প্রমাণ আজকের এই জ্বালানি সংকট। তার প্রধান অপরাধে অপরাধী হলো বিগত স্বৈরাচারী সরকার। গতকাল সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধনী সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তারা শুধু এ সংকটেই ফেলেনি। তারা আমদানিনির্ভর করতে গিয়ে অনেক বাড়তি টাকা খরচ করিয়েছে। আমদানিনির্ভর নীতি অনুযায়ী এটা বৈদেশিক মুদ্রা দিয়ে খরচ করতে হয়। বৈদেশিক মুদ্রা চাইলেই বাংলাদেশের টাঁকশালে ছাপানো যায় না। বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হয়। গার্মেন্টস ও রেমিট্যান্স ছাড়া আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের তেমন কোনো সুযোগ নেই। অন্যান্য সামান্য কিছু রপ্তানি করা হয়। এ সমস্যা মোকাবিলায় আমাদের প্রথম কেবিনেটের সভায় এটা নিয়ে কাজ করছি। জাতীয় এ সংকট মোকাবিলার পর পরই আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে পড়ে। একটা দায়িত্বশীল সরকার হিসেবে শিশুদের রক্ষারও দায়িত্ব আমাদের। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এস এম মঞ্জুরে এলাহী প্রমুখ।