যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার এ প্রত্যাশার কথা জানিয়েছেন। দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখনো নাজুক এবং অনিশ্চিত। আমরা আশা করছি, আলোচনার প্রক্রিয়া চলমান থাকবে এবং একটি সামরিক পরিস্থিতির দিকে ধাবিত হওয়া বা উত্তেজনা বৃদ্ধি এড়াতে সক্ষম হব। তিনি বলেন, রাশিয়া বর্তমানে এ আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে নেই। তবে একটি শান্তিপূর্ণ সমাধান এবং চুক্তিতে পৌঁছানোর সুবিধার্থে যেকোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। গতকাল পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ সময় ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি রাখা অবরোধ শান্তি আলোচনার জন্য বাধা সৃষ্টি করছে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন তিনি। ফোনালাপে ট্রাম্পকে আসিম মুনির বলেন, ?‘ইরানি বিভিন্ন বন্দরে মার্কিন অবরোধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে।’ ওই সূত্র বলেছে, ‘ট্রাম্প মুনিরকে জানিয়েছেন, তিনি তার এ পরামর্শ বিবেচনা করবেন।’ -রয়টার্স