রাজধানীর ডেমরার হাজী বাদশা মিয়া রোডে দুবাই প্রবাসী মাহবুবুল হক রিপনের বাসায় ঢুকে তার স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি রেখে ডাকাতি ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার হয়ে রিপনের শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে মাহমুদ গতকাল বলেন, রাতে সবাই ঘুমিয়ে ছিল। তখন ভবনের তিন তলার বাসার জানালার গ্রিল কেটে তিনজন ডাকাত বাসায় প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে সবার হাত-পা বেঁধে নির্যাতন করতে থাকে। এ সময় বাসায় থাকা স্বর্ণ ও নগদ অর্থসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়। বাসায় থাকা জমির দলিলও ডাকাতরা নিয়ে যায়। বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে সব কিছু লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতের নির্যাতনে আমার মা অসুস্থ হয়ে পড়েন।
পরে আমরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি থানায় জানানোর পর ঘটনাস্থলে এসে লিখিত নোট নিয়ে গেছে পুলিশ। এরপর আর কোনো পদক্ষেপ নেয়নি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মির্জা বলেন, আমরা ডাকাতির বিষয়টি জানতে পেরেছি। সেই বাসায় তিনজন ডাকাত প্রবেশ করে সব কিছু নিয়ে গেছে। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।