প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই। এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন।’ এ ছাড়া হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে গতকাল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও অর্জন তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যেকোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়ে হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’ হামে শিশুমৃত্যুর বিষয়ে ডা. জাহেদ বলেন, ‘শিশুর মৃত্যু ঘটাতে চায় এ রকম খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটি খতিয়ে দেখার দরকার আছে।’ তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ শুরু হবে।’
জ্বালানি নিয়ে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ২ মের হিসাব অনুযায়ী ২ লাখ ৩৪ হাজার মেট্রিক টনের বেশি ডিজেল এবং পর্যাপ্ত পরিমাণে অকটেন, পেট্রোল ও জেট ফুয়েল মজুত আছে।’ বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত লোডশেডিং করতে হয়নি। সঞ্চালন লাইনের ত্রুটির কারণে কোথাও সাময়িক বিভ্রাট হতে পারে। তীব্র গরম পড়লে এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে এলএনজি প্রাপ্তিতে সমস্যা হলে কিছুটা লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে।’ ডা. জাহেদ জানান, স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে।
সংবাদ ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।