স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহনে বিগত সময়ে চাঁদাবাজি হয়েছে বলে আমারা জানি। এবার এসব চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু থাকবে। একই সঙ্গে কোরবানির সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানি ঘিরে চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র?্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ সব গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে জনসাধারণের জন্য পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) ও বিআইডব্লিউটিএ (১৬১১৩)-সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর হটলাইন নম্বরগুলো চালু থাকবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাত দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে। মন্ত্রী বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। এবার সারা দেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। ঢাকার মধ্যে পশুরহাট ১৫টি হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় আর ১১টি হবে দক্ষিণ সিটি করপোরেশনে। হাটগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জালনোট শনাক্তে প্রতিটি হাটে ব্যাংকগুলোর বুথ ও মেশিন থাকবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের আগে সব গার্মেন্টশ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে রাজি হয়েছে। সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ আরও জানান, চামড়ার গুণগত মান রক্ষায় কোরবানি-পরবর্তী দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।
মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হেনস্তা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্্যাপন করতে পারবেন।