বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছেন। এ সময় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে কার্যকর, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ের পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। গতকাল জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়েঅনুষ্ঠিত এ সাক্ষাৎকারে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি। সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে উভয়পক্ষ।
জামায়াত আমির রংপুর যাচ্ছেন আজ : বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ (শুক্রবার) রংপুর যাচ্ছেন। সফরে জামায়াত আমিরের সঙ্গে থাকবেন সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এবং স্থানীয় জাতীয় সংসদ সদস্যরা। গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ সফরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপজেলা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। রংপুর মডেল কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে গতকাল ঢাকা ত্যাগ করেছেন। আজ ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’ আয়োজিত একটি সেমিনারে তিনি অংশগ্রহণ করবেন। গতকাল জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।