দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। নতুন এই ভোটারদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি জানায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী এই নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ার ফলে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।