যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বঙ্গ ভবনের প্রেস উইং এ তথ্য জানায়। বিমানবন্দরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর অ্যালিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। চিকিৎসকের পরামর্শ ক্রমে যুক্তরাজ্যে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৯ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। ১২ মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। এ সময় হৃদযন্ত্রে একটি গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিক এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।