স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফায়ার ফাইটাররা দুর্যোগে দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগগুলোতে ফায়ার সার্ভিসের ভূমিকা দিনদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’
গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে পদক বিতরণ এবং পাসিংআউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল। আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, সিনিয়র স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের প্রশিক্ষণসক্ষমতা বাড়াতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণের কাজ চলমান রয়েছে।
ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ এবং স্বচ্ছতা ও সহজলভ্য করার জন্যই ফায়ার লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। অ্যাম্বুলেন্স-সেবা বাড়ানোর জন্য ১০০ অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে। ডুবুরিদের সক্ষমতা বাড়াতে আরও আধুনিকায়নের জন্য কাজ চলমান রয়েছে।’ তিনি বলেন, ‘সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে তা পর্যাপ্ত নয়। ইতোমধ্যে আরও ২০টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে।’