তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সব পক্ষের স্বার্থ নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে। এ নিয়ে জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে।
গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, সমন্বিত রেগুলেশনের মধ্যে রাখতে গণমাধ্যম কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তিনি। নির্বাচনি ইশতেহারে ও বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিতেও এটি বলা হয়েছে। তারা সেই লক্ষ্যে এগোতে চান। অগ্রগতি হচ্ছে, সব অংশীজনই এখন এ লক্ষ্যের সঙ্গে যৌথ যাত্রার মধ্যে আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। তথ্যমন্ত্রী বলেন, ‘আশা করি প্রধানমন্ত্রীর নির্দেশে জুনের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব।’
সংবাদপত্রের ওয়েজ বোর্ড এবং গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের সঠিক সময়ে বেতন না দেওয়া বা অপেশাদার আচরণ থেকে তাদের রক্ষা করা যেমন সরকারের দায়িত্ব, তেমনই প্রতিষ্ঠানের মালিকদের পৃষ্ঠপোষকতা দেওয়াটাও আমাদের কাজ। সাংবাদিক ও মালিকপক্ষের বিরোধ নিষ্পত্তিতে সুনির্দিষ্ট ও গোছানো আইনি কাঠামো তৈরি করতে আমরা কাজ করছি।’
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন। অপসাংবাদিকতার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে-এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিক থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সবাই দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন। র্যাব নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, র্যাব বিলুপ্ত নয় বরং পূর্ণাঙ্গ আইন করে নাম পরিবর্তন করা হতে পারে। র্যাব আগের মতো থাকছে না। নতুন স্বতন্ত্র আইনের মাধ্যমে এ এলিট ফোর্স পরিচালিত হবে।