পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, দেশে খুন, নৃশংসতা ও পারিবারিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতির পেছনে জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় বড় ভূমিকা রাখছে। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের উন্নত ও প্রতিবেশী দেশগুলোতেও অপরাধের হার বাড়ছে। তবে বর্তমান পরিস্থিতিতে বসে থাকার সুযোগ নেই বরং প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সাম্প্রতিক সময়ে স্বজনদের হাতে স্বজন হত্যার ঘটনা বেড়ে যাওয়াকে তিনি সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সামাজিকভাবে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ঘাটতিও পরিস্থিতিকে জটিল করছে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমেও কিছু ক্ষেত্রে শিথিলতা দেখা যাচ্ছে। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম অনেক জায়গায় দুর্বল হয়ে পড়ায় অপরাধ নিয়ন্ত্রণে প্রভাব পড়ছে। পাশাপাশি বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতা এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের ভয়ের মনোভাবও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। পরিস্থিতি থেকে উত্তরণে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে পুনরায় সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সঠিক নীতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে খুনোখুনিসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।