বৈদ্যুতিক ক্যাবল, সার্কিট, আলো আর উদ্ভাবনের ব্যস্ততায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাস যেন এক টুকরো প্রযুক্তির নগরী। দুই দিনব্যাপী ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) ফেস্টে শিক্ষার্থীদের ভাবনা, দক্ষতা আর পরিশ্রম মিলেমিশে তৈরি করেছে এক প্রাণবন্ত আয়োজন। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হওয়া এই ফেস্টের আয়োজন করে এনইউবি ইইই ক্লাব। ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়বে শিক্ষার্থীদের তৈরি নানা প্রযুক্তি ও স্মার্ট সিস্টেমের সারি। কোথাও স্মার্ট ভিলেজের মডেল, কোথাও আইওটি-ভিত্তিক মিটারিং সিস্টেম। কোথাও আবার আন্ডারগ্রাউন্ড ক্যাবল ফল্ট ডিটেকশন সিস্টেম, যেখানে মাটির নিচের তারের সমস্যা মুহূর্তেই শনাক্ত করা যায়। দিনের মূল আকর্ষণ ছিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট শোকেস। এখানে শিক্ষার্থীদের তৈরি প্রকল্প ঘুরে দেখেন উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি বলেন, এই ধরনের ফেস্ট শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা প্রকাশের শক্তিশালী সুযোগ তৈরি করে এবং ভবিষ্যতের প্রকৌশলী হিসেবে তাদের আত্মবিশ্বাস বাড়ায়। প্রদর্শনীর পাশাপাশি ছিল প্রতিযোগিতার উত্তেজনাও। রোবো সকার কনটেস্টে দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ।