আন্তর্জাতিক একাডেমিক প্রতিযোগিতা, বৈশ্বিক গবেষণা নেটওয়ার্ক এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বাস্তবতায় গবেষণাবিমুখ শিক্ষাব্যবস্থা টিকে থাকা কঠিন। এই বাস্তবতা অনুধাবন করেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক একদল মেধাবী ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা সংগঠিত গবেষণা প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেন। ২০২১ সালের ৪ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর স্লোগান- Research Can Change the World। বাংলাদেশ রিসার্চ সোসাইটির সার্বিক সহযোগিতায় সংগঠনটি একটি সুসংগঠিত কাঠামো ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। বর্তমানে বাংলাদেশ রিসার্চ সোসাইটির অধীনে ৩০টি গবেষণা সংসদ সক্রিয়ভাবে কাজ করছে, যারা নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময়, যৌথ উদ্যোগ ও গবেষণাভিত্তিক নেটওয়ার্ক গড়ে তুলছে। ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এই জাতীয় গবেষণা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ ও সক্রিয় অংশ হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্যসংখ্যা প্রায় ৭০০। বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগঠনটি একটি বিস্তৃত গবেষণাভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গবেষণা সংসদের কার্যক্রমের একটি বড় অংশজুড়ে রয়েছে গবেষণার ব্যবহারিক ও পদ্ধতিগত প্রস্তুতি। রিসার্চ স্ট্র্যাটেজি প্রণয়ন, গবেষণা প্রবন্ধ লেখা ও প্রকাশনা, কারেন্ট সাইটেশন ও রেফারেন্সিং কৌশল, স্ট্যাটিস্টিক্স ও ডাটা অ্যানালাইসিস, উপযুক্ত গবেষণা বিষয় নির্বাচন, উচ্চশিক্ষা ও বিদেশে স্কলারশিপ সংক্রান্ত প্রস্তুতি- এসব বিষয়ে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রস্তুত করতে নিয়মিত আয়োজন করা হচ্ছে মিট দ্য রিসার্চার সেশন, যেখানে অভিজ্ঞ গবেষক ও শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। পরিচালিত হচ্ছে পেপার রাইটিং প্রজেক্ট, আর গবেষণার তাত্ত্বিক ও ব্যবহারিক ভিত্তি দৃঢ় করতে অনুষ্ঠিত হচ্ছে রিসার্চ মেথডোলজি ট্রেনিং ও এসপিএসএস (SPSS) ট্রেনিং। সংগঠনের সদস্যরা দেশ ও দেশের বাইরে বিভিন্ন গবেষণা কনফারেন্সে নিয়মিত অংশগ্রহণ করছেন এবং গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে নিজেদের মেধা ও গবেষণাগত দক্ষতার স্বাক্ষর রাখছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তাঁর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের স্বনামধন্য গবেষকগণ এই সংগঠনের উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পিত পৃষ্ঠপোষকতা এবং নূ্যূনতম অবকাঠামোগত সহায়তা পেলে এটির কার্যক্রম আরও বিস্তৃত হবে।
লেখক : ছাত্র উপদেষ্টা, ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ