হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৯৪ হাজার। ফলে প্রতিটি আসনের বিপরীতে এবার ভর্তিযুদ্ধে লড়বেন প্রায় ৫২ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এ ইউনিট : ২৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের মাধ্যমে কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষা হবে তিন শিফটে।
বি ইউনিট : ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। প্রকৌশল, স্থাপত্য ও বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটের পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হবে।
সি ইউনিট : ২৮ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।
ডি ইউনিট : একই দিনে (২৮ জানুয়ারি) ‘ডি’ ইউনিটের পরীক্ষাও অনুষ্ঠিত হবে। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সব মিলিয়ে এবার হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় স্থাপত্য বিভাগ বাদে মোট আবেদন পড়েছে ৯৩ হাজার ১২৫টি। স্থাপত্যসহ মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৭৫টি। আসনসংখ্যা সীমিত হওয়ায় এবার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে।