বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ব্যয়ে অংশগ্রহণে বড় ধরনের বৈষম্য দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ২০২৫ সালের এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১১টি এবং ৩৫টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২১টি কোনো ধরনের সিএসআর ব্যয়ই করেনি।
প্রতিবেদন অনুযায়ী, অনেক প্রতিষ্ঠান সম্পূর্ণ অনুপস্থিত থাকলেও সামগ্রিকভাবে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বছরের দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে মোট সিএসআর ব্যয় দাঁড়ায় ১৯৭ কোটি ৮৫ কোটি টাকা, যা বছরের প্রথমার্ধে ছিল ১৪৭ কোটি ১৯ কোটি টাকা।
তবে এই ব্যয় বৃদ্ধির বড় অংশই এসেছে অল্প সংখ্যক ব্যাংকের কাছ থেকে। তালিকায় সর্বোচ্চ সিএসআর ব্যয় করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড (২৭ কোটি ৭১ লাখ টাকা)। এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক (২০ কোটি ৪ লাখ টাকা) এবং এক্সিম ব্যাংক (১৯ কোটি ৮৫ লাখ টাকা)। ফলে খাতে সিএসআর ব্যয় একটি সীমিত গোষ্ঠীর মধ্যেই কেন্দ্রীভূত হয়ে আছে। ব্যাংকগুলোর মধ্যে বেসরকারি খাতই সিএসআর ব্যয়ে প্রাধান্য বিস্তার করেছে, মোট ব্যয়ের ৭৯ দশমিক ১৬ শতাংশ এসেছে তাদের কাছ থেকে।