ইরানে মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে আবারও গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক আইনজীবীর স্মরণসভায় অংশ নিতে গিয়ে তিনি আটক হন। তার সমর্থকেরা জানান, নিরাপত্তা সদস্যরা ‘সহিংসভাবে’ তাকে তুলে নিয়ে যায়।
নার্গিস মোহাম্মদি ২০২৪ সালের ডিসেম্বর মাসে কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছিলেন। তবে মাশহাদ শহরে আইনজীবী খসরু আলিকোরদির স্মরণসভায় অংশ নেওয়ার সময় আবারও তাকে আটক করা হলো। খসরু আলিকোরদিকে গত সপ্তাহে তার অফিসে মৃত অবস্থায় পাওয়া যায়।
নার্গিসের গ্রেপ্তারের খবরটি তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক মাধ্যম এক্স–এ জানানো হয়েছে। সেখানে বলা হয়, স্মরণসভায় উপস্থিত আরও কয়েকজন অধিকারকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।
নার্গিস মোহাম্মদির স্বামী, প্যারিসে অবস্থানরত তাগি রহমনি এক্স–এ লেখেন, তার স্ত্রীকে মাশহাদ থেকে আটক করা হয়েছে। তাঁর সঙ্গে ছিলেন পরিচিত অধিকারকর্মী সেপিদেহ গোলিয়ান; তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
নার্গিস মোহাম্মদি দীর্ঘদিন ধরে ইরানে নারী অধিকার, রাজনৈতিক স্বাধীনতা ও বন্দীদের মানবাধিকার নিয়ে কাজ করছেন। এ কারণে তিনি বহুবার কারাবরণ করেছেন। নোবেল শান্তি পুরস্কার অর্জনের পরও তার আন্দোলন থেমে যায়নি।
তবে এবারের গ্রেপ্তারের বিষয়ে ইরান সরকার বা নিরাপত্তা বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
অধিকার সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ভিন্নমতাবলম্বী ও কর্মীদের ওপর চাপ বাড়িয়েছে ইরান। নার্গিস মোহাম্মদির পুনরায় আটক সেই প্রবণতারই সাম্প্রতিক উদাহরণ।
বিডিপ্রতিদিন/কবিরুল