আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমন্বিত অবস্থান গ্রহণ এবং বিভিন্ন চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের ৩০ বছর পূর্তি উপলক্ষে ইন্টারন্যাশনাল ফোরাম অব পিস অ্যান্ড ট্রাস্টের সাইডলাইনে বৈঠকে তারা এই প্রতিশ্রুতির কথা জানান।
শুক্রবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের। বৈঠকে যৌথ সহযোগিতা দ্রুততর করার পাশাপাশি পূর্ববর্তী চুক্তিগুলোর বাস্তব অগ্রগতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দুই নেতা।
বৈঠকে ট্রানজিট এবং সীমান্ত অবকাঠামো উন্নয়নে ইরান ও পাকিস্তানের বিপুল সম্ভাবনার বিষয়টিও উত্থাপন করা হয়। সেই সাথে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাম্প্রতিক ইসলামাবাদ সফরের সময় চূড়ান্ত হওয়া বিভিন্ন চুক্তির ধারাবাহিক বাস্তবায়নের ওপর জোর দেন।
দুই পক্ষই যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, বাণিজ্যিক যাতায়াত সহজীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার জন্য অপরিহার্য হিসেবে চিহ্নিত করেন। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয়। এক্ষেত্রে যৌথ উদ্যোগের কাঠামোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।
পেজেশকিয়ান ও শেহবাজ শরীফ দুই নেতায় আশা প্রকাশ করে জানিয়েছেন, দ্বিপক্ষীয় চুক্তিগুলোর বাস্তবায়ন আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে এবং এর মাধ্যমে ইরান–পাকিস্তান সম্পর্কের অগ্রগতির ধারা আরও সমৃদ্ধ হবে।
এর আগে তুর্কমেনিস্তানের ৩০ বছর পূর্তিতে অংশ নিতে একত্রিত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ অনেক আঞ্চলিক নেতারা।
বিডি প্রতিদিন/কামাল