থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর কয়েক ঘণ্টা পরই থাইল্যান্ড বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়া।
যদিও এ ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো নতুন প্রতিক্রিয়া ও থাইল্যান্ডের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘১৩ ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে বিভ্ন্নি লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে।
হোটেল ও সেতুর ওপর বিমান হামলার কথা উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানায়, থাই বাহিনী এখনো বোমাবর্ষণ বন্ধ করেনি; হামলা অব্যাহত রয়েছে। কম্বোডিয়ার অভিযোগ অনুযায়ী, থাইল্যান্ডের হামলা চলতে থাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সহিংসতা এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে।
উল্লেখ্য, গত সোমবার শুরু হওয়া এই নতুন সংঘাতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। দেশ দুটির বিরোধপূর্ণ সীমান্তের দুপাশে প্রায় পাঁচ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শআ