অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের হানুক্কা উৎসবে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভয়াবহ এই হামলার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার এ নিন্দা জানান।
পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক্স-এ এক পোস্টে বলেন, ‘এই পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই। এই ভয়াবহ হামলায় নিহতদের, ইহুদি সম্প্রদায়ের এবং অস্ট্রেলিয়ার জনগণের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।’
পররাষ্ট্র দপ্তর পরে জানিয়েছে, রুবিও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং-এর সঙ্গে ‘সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি-বিরোধী সন্ত্রাসী হামলার বিষয়ে ফোনালাপ করেছেন।
ফোনালাপের বিবরণ দিতে গিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘আমরা ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি এবং নিহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউসে এক ক্রিসমাস অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এই গুলিবর্ষণের ঘটনা উল্লেখ করে এটিকে ‘একটি ভয়াবহ হামলা, স্পষ্টতই একটি ইহুদিবিদ্বেষমূলক হামলা’ হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, স্থানীয় সময় রবিবার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের হানুক্কা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার ৫০ বছর বয়সী বাবা রবিবার সন্ধ্যায় বন্ডি বিচে ‘হানুক্কা বাই দ্য সি’ অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালান। এতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।
বিডি প্রতিদিন/নাজিম