অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় ভুলভাবে ছড়ানো হয়েছে। একজন নিরীহ ব্যক্তিকে হামলাকারী হিসেবে চিহ্নিত করায় আতঙ্ক ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছেন ওই সিডনিবাসী।
ভুল তথ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও নাম ছড়িয়ে পড়ার পর তিনি নিজেকে ‘ভীতসন্ত্রস্ত’ বলে বর্ণনা করেছেন।
রবিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত সমুদ্র সৈকত বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের একটি উৎসবকে লক্ষ্য করে গুলি চালান বাবা ও ছেলে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহত হয় আরও অন্তত ৪২ জন।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। হামলাকারী দু’জনের একজন ঘটনাস্থলেই নিহত হয়, অন্যজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের নাম প্রকাশ করা হয়নি।
এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি এক অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে জানায়, হামলাকারীদের একজন পশ্চিম সিডনির বনি’রিগ এলাকার বাসিন্দা নাভিদ আকরাম। একই সঙ্গে স্থানীয় কয়েকটি গণমাধ্যম পুলিশ ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে বলেও প্রতিবেদন প্রকাশ করে।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সবুজ পাকিস্তান ক্রিকেট দলের জার্সি পরা এক হাস্যোজ্জ্বল ব্যক্তির ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। হাজার হাজারবার শেয়ার হওয়া এসব পোস্টে দেখা যায়, ওই ব্যক্তিকে ঘিরে ব্যাপক কটূক্তি ও ঘৃণামূলক মন্তব্য করা হচ্ছে।
কিন্তু পরে জানা যায়, ছবিটি অন্য একজন নাভিদ আকরামের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া, যিনি এই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নন। সোমবার সিডনিতে পাকিস্তান কনস্যুলেট প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই নাভিদ আকরাম ভুল তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।
ভিডিওতে তিনি বলেন, গণমাধ্যমে বলা হচ্ছে হামলাকারীদের একজনের নাম নাভিদ আকরাম। আমার নামও নাভিদ আকরাম। কিন্তু আমি হামলাকারী নই। এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি বন্ডি বিচে সংঘটিত ‘ভয়াবহ’ হামলার নিন্দা জানান।
তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করছি, এই প্রোপাগান্ডা বন্ধ করতে আমাকে সাহায্য করুন। ২০১৯ সালে নিজের ফেসবুক পোস্টে দেওয়া ছবি অপব্যবহার করা অ্যাকাউন্টগুলো রিপোর্ট করারও আহ্বান জানান তিনি। সূত্র: নিউজ অস্ট্রেলিয়া, এএফপি
বিডি প্রতিদিন/একেএ