পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আর কখনো না দেখতে পাওয়ার আশঙ্কা জানিয়েছেন তার দুই ছেলে কাসিম খান ও সুলায়মান খান। তাদের অভিযোগ, ইমরানকে একটি ‘ডেথ সেল’-এ রেখে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।
সম্প্রতি ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের ‘দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম’ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
কাসিম ও সুলায়মান খান জানান, কারাগারে থাকা বাবার সঙ্গে তারা গত কয়েক মাস ধরে কোনো কথা বলতে পারেননি। তিনি টানা দুই বছরের বেশি সময় ধরে একাকী বন্দি সেলে আছেন। সেখানে তাকে নোংরা পানি ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। অত্যন্ত নোংরা পরিবেশে হেপাটাইটিস রোগে আক্রান্ত রোগীদের পাশেই ইমরান খানকে রাখা হয়েছে। তিনি সম্পূর্ণভাবে মানবিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন।
কাসিম বলেন, 'এই মুহূর্তে কারাগার থেকে মুক্ত হওয়ার কোনো পথ দেখা যাচ্ছে না। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। আমরা আশঙ্কা করছি, হয়তো আর কখনো তাকে দেখতে পাব না।'
কাসিম খান দাবি করেন, তার বাবার ওপর ‘মানসিক নির্যাতনের কৌশল’ প্রয়োগ করা হচ্ছে। এমনকি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইমরান খানের সঙ্গে কারা প্রহরীরাও যোগাযোগ করতে পারছেন না।
সুলাইমান খান তার বাবাকে আটকে রাখা সেলকে ‘ডেথ সেল’ হিসেবে উল্লেখ করে বলেন, ছোট্ট সেলটিতে তাকে দিনের ২৩ ঘণ্টাই আটকে রাখা হচ্ছে।
চলতি মাসের শুরুতে ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানুম দেখা করার সুযোগ পেয়েছিলেন। তিনিই এ সমস্ত তথ্য জানিয়েছেন।
সূত্র: স্কাই নিউজ
বিডি-প্রতিদিন/এমই