ভেনেজুয়েলাকে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্র সময় ও সুযোগ দিতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য একটি বাস্তব সুযোগ দেবে।
রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, নিকোলাস মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে তাকে অত্যন্ত উদার একটি সুযোগ দেওয়া হয়েছিল।
রুবিও জানান, মাদুরো চাইলে সর্বশেষ এক সপ্তাহ বা দেড়েক আগেই ভেনেজুয়েলা ছেড়ে চলে যেতে পারতেন। তার জন্য এমন একটি পথ খোলা ছিল, যার মাধ্যমে তিনি পুরো পরিস্থিতি এড়িয়ে যেতে পারতেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে ভেনেজুয়েলা সহযোগিতার মনোভাব দেখাবে এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো সমাধানের জন্য ভেনেজুয়েলাকে পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে তাদের বক্তব্যের ওপর নয়, বরং বাস্তবে তারা কী পদক্ষেপ নেয় তার ভিত্তিতে বিচার করবে। যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে একাধিক চাপ প্রয়োগের বিকল্প থাকবে।
রুবিও জানান, এসব চাপের মধ্যে ভেনেজুয়েলার ওপর বর্তমানে কার্যকর থাকা তেল কোয়ারেন্টিন একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তিনি বলেন, সবকিছুই ভেনেজুয়েলার কর্মকাণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং দেখা হবে তারা বাস্তবে কী করে।
সোর্সঃ বিবিসি
বিডি প্রতিদিন/আশিক