গোটা বিশ্বেই যুদ্ধে ডামাডোল। যুদ্ধংদেহী হয়ে উঠছে পরাশক্তিরা। তার মাঝেই সামনে এলো আরও এক আতঙ্কের খবর। প্রায় ৫৫ বছর ধরে পৃথিবীর বুকে নিঃশব্দে ভয় ছড়াচ্ছে রাশিয়ার একটি স্বল্পদৈর্ঘ্য বেতারতরঙ্গ। নাম ‘ডুমডে রেডিও’। হঠাৎ করেই তাতে গুঞ্জনধ্বনি ছাপিয়ে নানা সাঙ্কেতিক শব্দ ভেসে আসছে।
ঘন ঘন রহস্যময় বার্তা পাঠাতে শুরু করেছে রাশিয়ার ‘ডুমসডে রেডিও’। নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে গোপন কোনও রহস্য। ইউভিবি ৭৬ হল রাশিয়ার সেই রহস্যময় স্বল্পদৈর্ঘ্যের তরঙ্গ (শর্টওয়েভ) রেডিও স্টেশন যার নামের মধ্যেই ভয়ের কাহিনি জুড়ে রয়েছে। মাঝেমাঝে ঘুম থেকে জেগে উঠে গোপন কোডের বার্তা ভেসে আসে এই বেতারতরঙ্গে।
প্রায় ৫৫ বছর ধরে পৃথিবীর বুকে নিঃশব্দে ভয় ছড়িয়ে যাচ্ছে ‘ডুমসডে রেডিও’। ঠান্ডা যুদ্ধের সময় থেকে রাশিয়ার বুকে অস্তিত্ব টিকিয়ে রেখেছে স্টেশনটি। ৭০-এর দশকে চালু হওয়া গোপন এই রুশ রেডিও স্টেশন থেকে সম্প্রতি একাধিক বার্তা সম্প্রচারিত হয়েছে। সেই কয়েকটি শব্দই ঘুম উড়িয়ে দিয়েছে মস্কোর প্রধান শত্রু আমেরিকা ও রাশিয়াবিরোধী ইউরোপের দেশগুলির।
সেই গোপন বার্তা প্রচারিত হতেই রাশিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছে বহু দেশ। আতঙ্কের প্রহর গুনতে শুরু করেছে মস্কোর প্রতিবেশী রাষ্ট্রগুলি। ১৯৭০ সাল থেকে স্টেশনটিতে কেবলমাত্র অস্পষ্ট গুঞ্জনের শব্দের মাঝে হঠাৎ করে শব্দ ও গান বাজতে থাকায় ক্রেমলিনের পারমাণবিক হামলার আশঙ্কা অনেকেরই।
সেই বার্তায় এমন একটি দেশের নাম উঠে এসেছে যে দেশটি রাশিয়ার পূর্ব দিকের প্রতিবেশী। গত বছরের (২০২৫ সালে) ১৭ নভেম্বর মস্কোর স্থানীয় সময় দুপুর ২টো বেজে ৪০ মিনিটে একটি বার্তা ভেসে আসে রেডিওতে। সেখানে অন্যান্য সাঙ্কেতিক শব্দের মধ্যে লাটভিয়া কথাটি ডিকোড করা হয়েছে। এর পাশাপাশি ভালগার, বোলগনিজের (ইটালীয় মাংসের সস্) মতো শব্দগুলি রেডিওতে সম্প্রচারিত হয়েছে।
ইউভিবি ৭৬ প্রথম বার ৭০-এর দশকে পৃথিবীর মনোযোগ আকর্ষণ করে। স্টেশনটি থেকে সব সময়ই একটি যান্ত্রিক গুঞ্জন (বাজ) প্রচারিত হয়। প্রায় ১ থেকে ১.২ সেকেন্ড স্থায়ী হয় সেগুলি। প্রতি মিনিটে প্রায় দু’থেকে তিন ডজন বার এটির পুনরাবৃত্তি হয়। এর ফলে ‘দ্য বাজার’ উপাধিটি এর সঙ্গে জুড়ে গিয়েছে। স্বল্পদৈর্ঘ্যের তরঙ্গ অনুসরণ করা উৎসাহীরা লক্ষ করেছেন, একঘেয়ে স্বরটি ভেদ করে কালেভদ্রে রুশ উচ্চারণে আলফানিউমেরিক কোড, একগুচ্ছ অবোধ্য শব্দ বা কিছু নাম উল্লেখ করা হয়।
যদিও ক্রেমলিনের তরফ থেকে এখনও পর্যন্ত এই ধরনের বেতার সম্প্রচারের কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। আমেরিকাসহ ইউরোপের বিশ্লেষকেরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইউভিবি ৭৬-এর নিয়ন্ত্রক সংস্থা হল রুশ সামরিক বাহিনী। কারণ এর সম্প্রচারের শক্তি, স্থায়িত্ব এবং অন্যান্য বৈশিষ্ট্য পরিচিত অন্যান্য সামরিক যোগাযোগ তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে হুবহু মিলে যায়।
লন্ডনের সিটি ইউনিভার্সিটি ইলেকট্রনিক এবং রেডিয়ো ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডেভিড স্টাপলস এই নিয়ে বিশদ গবেষণা করেছেন। তার মতে, রুশ বেতার সম্প্রচারের ধাঁচটির সঙ্গে যেকোনও দেশের সামরিক চ্যানেলের সামঞ্জস্য লক্ষণীয়। যেন এটি মূলত একটি তরঙ্গের উপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য সক্রিয় রাখা হয়েছে।
এই ধরনের বেতারতরঙ্গের সঙ্গে আরও একটি বিশেষ তত্ত্ব দাঁড় করেছেন সমরকৌশল বিশারদেরা। তাদের একাংশের মতে, এটি রাশিয়ার পরিধি ব্যবস্থার (পেরিমিটার সিস্টেম) সঙ্গে সম্পৃক্ত। পরিধি ব্যবস্থা হল এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা কোনও সুরক্ষিত এলাকার (বিশেষত সামরিক ঘাঁটি) সীমানা বরাবর অনুপ্রবেশ শনাক্ত করে।
বিডি প্রতিদিন/নাজমুল