আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া ন্যাটো সৈন্যদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তেব্য প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি।
তিনি বলেছেন, “ন্যাটো সৈন্যদের আত্মত্যাগ নিয়ে ‘সত্য ও সম্মানের সাথে’ কথা বলা উচিত।”
প্রিন্স হ্যারি বলেন, “আমি সেখানে কাজ করেছি। সেখানে আমি আমার আজীবন বন্ধুদের সন্ধান পেয়েছি এবং সেখানে আমি আমার বন্ধুদের হারিয়েছি।
শুক্রবার আফগান যুদ্ধে নিহত ৪৫৭ ব্রিটিশ ন্যাটো সৈন্যের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রিন্স হ্যারি বলেন, “২০০১ সালে, ইতিহাসে প্রথমবারের মতো ৫ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে ন্যাটো। এর অর্থ ছিল আমাদের যৌথ নিরাপত্তার জন্য প্রতিটি মিত্র দেশ আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে বাধ্য। মিত্ররা সেই আহ্বানে সাড়া দিয়েছিল।”
তিনি আরও বলেন, “(আফগান যুদ্ধে) হাজার হাজার জীবন চিরতরে বদলে গেছে। মা-বাবা ছেলেমেয়েদের কবর দিয়েছেন। সন্তানরা বাবা-মা হারিয়েছেন। পরিবারগুলোকে আজও এর মূল্য বহন করতে হচ্ছে।”
প্রিন্স হ্যারি বলেন, “এই ত্যাগের কথা সত্য ও শ্রদ্ধার সাথে বলা উচিত, কারণ আমরা সকলেই কূটনীতি ও শান্তির প্রতিরক্ষার প্রতি ঐক্যবদ্ধ এবং অনুগত।”
উল্লেখ্য, প্রিন্স হ্যারি আফগান যুদ্ধে দু’বার মোতায়েন ছিলেন।
প্রসঙ্গত, গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, “আমাদের কখনও তাদের (ন্যাটো মিত্রদের) প্রয়োজন হয়নি। আমরা কখনও তাদের কাছ থেকে কিছু চাইনি।”
ট্রাম্প আরও বলেন, “তারা বলবে যে তারা আফগানিস্তানে কিছু সৈন্য পাঠিয়েছে... এবং তারা তা করেছে, কিন্তু তারা কিছুটা পিছনে ছিল, সামনের সারির থেকে একটু দূরে।”
ট্রাম্পের এই মন্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের মন্তব্যকে ‘স্পষ্টতই অপমানজনক ও ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।
কিয়ার স্টারমার বলেছেন, যদি তিনি (ট্রাম্প) এইভাবে ভুল কথা বলে থাকেন, তবে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিত।
যুক্তরাজ্য ছাড়াও বিভিন্ন দেশের সরকারের মন্ত্রীরাও ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি, যিনি নিজেও আফগানিস্তানে ফ্রন্টলাইনে কাজ করা ৩৩,০০০ পোলিশ সৈন্যের মধ্যে ছিলেন, তিনি বলেছেন, “আমাদের সৈন্যদের সেবা নিয়ে উপহাস করার অধিকার কারও নেই।”
কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড জে ম্যাকগিন্টি বলেছেন, “কানাডিয়ান ‘পুরুষ ও মহিলারা শুরু থেকেই (এই যুদ্ধে) মাঠে ছিলেন। এ জন্য আমরা বাধ্য ছিলাম তা নয়, বরং এটি সঠিক কাজ ছিল।”
তিনি বলেন, আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ন্যাটো মিত্রবাহিনীর নেতৃত্বে তাদের ১৫৮ জন সৈন্য ‘চড়া মূল্য পরিশোধ করেছে’।” সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ