অস্ট্রেলিয়ার সিডনি হারবারে হাঙরের কামড়ে আহত এক কিশোর হাসপাতালে মারা গেছে। ১৮ জানুয়ারি ১২ বছর বয়সী নিকো অ্যান্টিক বন্ধুদের সঙ্গে সমুদ্রে লাফ দেওয়ার সময় হাঙরের হামলার শিকার হয়। কর্তৃপক্ষের ধারণা, একটি ‘বুল হাঙর’ আক্রমণ করেছিল তাকে।
নিকোর মা-বাবা লরেনা ও জুয়ান এক বিবৃতিতে বলেন, ‘আমাদের ছেলে নিকোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ মাত্র দুই দিনের মধ্যে নিউ সাউথ ওয়েলস উপকূলে ঘটে যাওয়া চারটি হাঙর হামলার একটি ঘটনা এটি। নিকোর পরিবার জানায়, নিকো ছিল হাসিখুশি, বন্ধুবৎসল ছেলে। তার মন ছিল খুবই দয়ালু ও উদার। ও সব সময় প্রাণবন্ত থাকত আর আমরা তাকে সেভাবেই মনে রাখব। নিকোর পরিবার মূলত আর্জেন্টিনার বাসিন্দা। গত রবিবার বিকেলে হামলার পর নিকোকে বাঁচাতে তার বন্ধুরা পানিতে ঝাঁপিয়ে পড়ে। তাদের সাহসিকতার জন্য সবার প্রশংসা করা হয়। তবে নিকোর পায়ে গুরুতর আঘাত লাগে।
সংকটাপন্ন অবস্থায় তাকে সিডনি শিশু হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে কোমায় রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। নিকোর পরিবারের সহায়তার জন্য অনলাইনে তহবিল সংগ্রহ করা হয়। সেখানে প্রায় ২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ লাখ ২১ হাজার পাউন্ড) সংগ্রহ হয়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একাধিক হাঙর হামলার ঘটনা ঘটে, যার মধ্যে তিনটি সিডনিতেই।
সোমবার সিডনির নর্দান বিচেস এলাকায় এক সার্ফার অল্পের জন্য হাঙরের হামলা থেকে বেঁচে যান। কয়েক ঘণ্টা পর কাছের আরেকটি সৈকতে ২৭ বছর বয়সী এক ব্যক্তি হাঙরের আক্রমণে গুরুতর আঘাত পান। এর পরদিন নিউ সাউথ ওয়েলসের মধ্য-উত্তর উপকূলে আরেকজন ব্যক্তি হাঙরের কামড়ে আহত হওয়ার পর তাকে পানি থেকে উদ্ধার করা হয়। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির বুকে আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হঠাৎ অস্ট্রেলিয়ায় বেড়ে গেছে হাঙরের হামলা, কী কারণ?
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সাম্প্রতিক সময়ে হাঙরের আক্রমণ বৃদ্ধির পেছনে পরিবেশগত কারণগুলোকে দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত হাঙরের আক্রমণ হয় তখনই যখন পরিবেশ অনুকূল থাকে। পানিতে কিছু আকর্ষণীয় পদার্থ থাকে অথবা দুটি কারণ একসঙ্গে ঘটে। বৃষ্টির ফলে পানি ঘোলা হয়ে যায়, যা বুল হাঙরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তারা আরো বলেন, বৃষ্টির পানিতে থাকা পুষ্টি উপাদান হাঙরকে তীরের কাছাকাছি টেনে আনে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে সিডনির বিভিন্ন সৈকত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া দিবসের সরকারি ছুটির দীর্ঘ সপ্তাহান্তে অনেক সৈকত আবার খুলে দেওয়া হয়। সিডনিতে সাম্প্রতিক তিনটি হামলা ঘটেছে কয়েক দিনের ভারী বৃষ্টির পর। ওই সময় শহরের আবহাওয়া কেন্দ্র ২৪ ঘণ্টায় ১২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে।
আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো রেবেকা অলিভ বলেন, এই বৃষ্টি বুল হাঙরের জন্য ‘অনুকূল পরিস্থিতি’ তৈরি করেছে। তিনি বিবিসিকে বলেন, ‘বুল হাঙর গরম ও কম লবণাক্ত জলে ভালো থাকে, যেখানে অন্য অনেক হাঙর থাকে না। তারা নদীর মুখ ও লিম্পেও ভালো থাকে, তাই সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে স্থল থেকে আসা মিষ্টি পানি তাদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে।’
অলিভ এবং অন্যান্য বিশেষজ্ঞরা আরো বলেন, এই মিষ্টি পানি সম্ভবত পুষ্টি উপাদান সমুদ্রের দিকে নিয়ে গেছে। এতে শিকারি মাছ আসতে থাকে, আর মাছের সঙ্গে হাঙরও আকৃষ্ট হয়।
সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্রিস পেপিন-নেফ বলেন, ‘পানিতে স্পষ্টভাবে কোনো আকর্ষণ রয়েছে। কম লবণাক্ত মিষ্টি জলের এই ‘পরিপূর্ণ ঝড়’ এক ধরনের ‘জীববৈচিতত্র্যের বিস্ফোরণ’ তৈরি করেছে। শিকারি মাছ পানির পৃষ্ঠে আসে, বুল হাঙরও আসে, এ সময় কাছাকাছি অঞ্চলে মানুষও থাকে—এবার সমস্যা তৈরি হয়।’ বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক বৃষ্টিপাত এবং কম লবণাক্তার কারণে হাঙরের হামলার ঘটনাগুলো বেড়ে গেছে। হাঙরের আচরণ বা সংখ্যা বাড়ার কারণে এটি ঘটছে না। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
বিডি প্রতিদিন/এএম