যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় রাউত।
তিনি বলেছেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতকে কিনে নিয়েছে। একইসঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা মিথ্যা বলছেন বলে ওঅভিযোগ করেন তিনি।
সঞ্জয় রাউত বলেন, সরকারকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের ওপর আরোপিত শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনার ঘোষণা করেন।
এরই সঙ্গে তিনি দাবি করেন, ভারত নাকি রাশিয়া থেকে আর তেল কিনবে না, পরিবর্তে আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে। এছাড়াও মার্কিন কৃষি পণ্য নাকি ভারতে বিক্রি করতে দেওয়া হবে এবার।
যদিও ভারত সরকার এসব নিয়ে কোনও মন্তব্য করেনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সঞ্জয় রাউত বলেন, “পীযূষ গোয়েল মিথ্যা বলছেন। দেশের সব কেন্দ্রীয় মন্ত্রীই মিথ্যা বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তা আমাদের দেশকে প্রায় আমেরিকার পায়ের কাছে দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকা আমাদের কিনে নিয়েছে। তারা বলছে, এটা আমাদের জন্য অনেক বড় বিজয়। কী বিজয় ভাই। তুমি আমাকে বলো। ভারতকে এখনও ভারী শুল্ক দিতে হবে। ১৮ শতাংশ শুল্ক এখনও বহাল রয়েছে, যা আগে প্রায় ৩ শতাংশ ছিল। তা সত্ত্বেও আমেরিকার কৃষিপণ্য ভারতীয় বাজারে শূন্য শুল্কে আসবে। যার মধ্যে থাকবে ধান, ফলমূল, ফুল, দুধ, দুগ্ধজাত পণ্য। আমাদের কৃষকরা তাদের রক্ত ও ঘাম দিয়ে যে পণ্য তৈরি করেন তা দিয়ে আমেরিকা তাদের পণ্য সস্তায় বিক্রি করবে। তাহলে কি আমাদের কৃষক আত্মহত্যা করবে?”
উল্লেখ্য, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মঙ্গলবার বলেছেন, ভারত আমেরিকার সাথে একটি ভালো বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে এবং কৃষি ও দুগ্ধ খাতের স্বার্থের সাথে কোনও আপস করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিশদ বিবরণ না দিয়ে গোয়েল বলেন, বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তির রূপরেখা স্পষ্ট করে শিগগিরই ভারত-মার্কিন যৌথ বিবৃতি জারি করা হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/একেএ