রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কনফারেন্সে কিউবা, ইরান এবং ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
আজ বুধবার ক্রেমলিন থেকে জানানো হয়, প্রায় দেড় ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে দুই বিশ্বনেতা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন।
ক্রেমলিনের বিশেষ সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে ইরানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি। মস্কোয় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজনির সঙ্গে পুতিনের সাম্প্রতিক আলাপের বিষয়বস্তুও শি জিনপিংকে অবহিত করা হয়েছে।
ভেনেজুয়েলা এবং কিউবা ইস্যুতে দুই দেশই তাদের বর্তমান সহযোগিতার ধারা বজায় রাখার পক্ষে মত দিয়েছে। বিশেষ করে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেন এবং জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার প্রেক্ষাপটে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
উশাকভ জানান, ওয়াশিংটনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মস্কো এবং বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে একটি বৈষম্যহীন বিশ্বব্যবস্থা গড়ার ওপর জোর দিয়েছেন দুই নেতাই।
সূত্র: আনাদোলু
বিডি প্রতিদিন/নাজমুল