বিপুল উৎসাহ-উদ্দীপনা আর দেশপ্রেমের অঙ্গীকার নিয়ে ইসলামি বিপ্লবের ৪৭তম বিজয় বার্ষিকী উদযাপন করছে ইরান। বুধবার রাজধানী তেহরানসহ দেশের প্রায় ১৪শ’ শহর ও নগরে লাখ লাখ মানুষের অংশগ্রহণে আয়োজিত পদযাত্রা বিশাল জনসমুদ্রে পরিণত হয়। তীব্র শীত, বৃষ্টি ও তুষারপাত উপেক্ষা করে রাজপথে নেমে আসা এই জনস্রোত যেন গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হুমকি ও উস্কানির বিরুদ্ধে এক বলিষ্ঠ জাতীয় ঐক্যের বার্তা দেয়।
সকাল সাড়ে নয়টা থেকে তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে জনতা ঐতিহাসিক আজাদি স্কয়ারের অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলে অংশগ্রহণকারীরা দশকের পর দশক ধরে ইরানি জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানা ষড়যন্ত্র ও অপরাধের নিন্দা জানিয়ে স্লোগান দেন। একইসঙ্গে তারা দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদ জানান।
পদযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল ইসলামি বিপ্লবের মহানায়ক ইমাম খোমেনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি। এছাড়া গত জুনের ১২ দিনের যুদ্ধ ও সাম্প্রতিক বিদেশি মদদপুষ্ট সহিংসতায় নিহতদের স্মরণে তাদের ছবিও বহন করা হয়। এই বিশাল আয়োজন কভার করতে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় সাত হাজারেরও বেশি সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
আজাদি চত্বরে আয়োজিত বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সমাবেশের এক পাশে সম্প্রতি বিদেশি চক্রান্তে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়িয়ে দেওয়া বিভিন্ন যানবাহন প্রদর্শিত হয়, যা ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাখা হয়েছিল। এছাড়া ইরানের সামরিক শক্তির প্রতীক হিসেবে আজাদি স্কয়ারে প্রদর্শন করা হয় সুমার, নূর ও কাদির ক্রুজ মিসাইল এবং জুলফিকার ও হাজ কাসেমের মতো শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গত জুনের যুদ্ধে ভূপাতিত ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষও জনসাধারণের সামনে তুলে ধরা হয়।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল